স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে দুই স্কুলছাত্রী নিহত
কুমিল্লায় আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রীদের বহনকারী একটি লেগুনা উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে উল্টে যায়। এতে ঘটনাস্থলে রিনা সাহা নামের এক ছাত্রী নিহত হয়। আহত হয় সাতজন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রিনা সাহা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামের লগু সাহার মেয়ে। সে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।
এদিকে, চান্দিনা থানার ওসি আবু ফয়সাল জানান, সকাল সাড়ে ৮টার দিকে একই মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুরে গ্যাসপাইপ বহনকারী ট্রাক্টরের চাপায় মারা যায় মাহমুদা আক্তার নামের আরেক ছাত্রী । নিহত মাহমুদার বাড়িও একই উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। সে সড়কের পাশ দিয়ে বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাচ্ছিল।
নিহত দুই ছাত্রীর লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা