পাবনায় স্কুলছাত্রকে গলা কেটে হত্যা
পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া স্লুইসগেট এলাকা থেকে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম মিজান (১২)। সে চর সাধুপাড়া গ্রামের হারুন প্রামাণিকের ছেলে। সে চর সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে শিশু মিজানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। আজ শনিবার সকালে চর সাধুপাড়া স্লুইসগেট এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে লাশটি শিশু মিজানের বলে শনাক্ত করেন।
ওসি আব্দুল্লাহ আল হাসান আরো বলেন, ‘কারা, কী কারণে শিশু মিজানকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। আমরা পরিবারের সঙ্গে কথা বলে ক্লু উদঘাটনের চেষ্টা করছি। তবে পারিবারিক কোনো বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা