জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে কেবল অপারেটর ও ফিড অপারেটর মালিক সমিতি এবং মিডিয়াকর্মীদের সঙ্গে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আরএম স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালক রুহুল কবির শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন এবং সাংবাদিকদের পক্ষে এনটিভি ও দৈনিক যুগান্তরের জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় শতাধিক কেবল অপারেটর, ফিড মালিক ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
সভায় দেশ ও জনগণের স্বার্থে সরকারি নিয়মনীতি মেনে দেশীয় টিভি চ্যানেলগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রদর্শন করার পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিকর এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ বিদেশি টিভি চ্যানেলের অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকার জন্য কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান বক্তারা।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট