খুলনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
খুলনায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫ পালিত হয়েছে।
সোমবার সকালে ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ স্লোগান নিয়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন সুস্থতার সঙ্গে জড়িত। এ জন্য নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। তিনি আরো বলেন, হাত ধোয়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার মাধ্যমে বিভিন্ন মারাত্মক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব। তিনি এলাকাভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা শূন্যতে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিত কুমার পোদ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ পানি সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলী আজগর।
আলোচনা সভার আগে হাত ধোয়া প্রদর্শন ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার জনস্বাস্থ্য প্রকৌশলী, শিক্ষা, তথ্য, স্যানিটেশন নিয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউপি সদস্য, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা