২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা
দেশের পর্যটনশিল্পের বিকাশে ২০১৬ সালকে পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৌদ্ধঐতিহ্য ও পর্যটনবিষয়ক সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। জাতিসংঘের পর্যটন সংস্থা ও বাংলাদেশ দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।
এ সময় প্রধানমন্ত্রী এ অঞ্চলের বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন বিকাশে সকলকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান। তিনি বলেন, ‘পর্যটনশিল্পের প্রচার ও বিপণন কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা ২০১৬ সালকে পর্যটন বর্ষ বা ভিজিট বাংলাদেশ-১৬ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি।’
বৌদ্ধ সংখ্যাগুরু দেশগুলোর মন্ত্রীদের উপস্থিতিতে জাতিসংঘ পর্যটন সংস্থার মহাসচিব তালিব রিফাই জানান, বৌদ্ধধর্মীয় নিদর্শনগুলোর কারণে বাংলাদেশ হতে পারে গোটা এলাকার পর্যটনের মূল কেন্দ্র।
দেশের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি আর পর্যটনকেন্দ্রগুলোর বর্তমান চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যটন ফোরামে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সচেষ্ট।
এ ছাড়া বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে ভিসা প্রক্রিয়া সহজ করাসহ পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ গঠন এবং বাংলাদেশকে পর্যটনশিল্পের দেশ হিসেবে পরিচিত করতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক