৫৯ প্রতিষ্ঠানের দখলে ১২ হাজার একর বন
গাজীপুরে বনবিভাগের ৬৬ হাজার ৮০০ একর বনভূমির মধ্যে ১২ হাজার একর দখল করেছে ৫৯টি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার ‘পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অবৈধভাবে দখলদার তালিকা উপস্থাপন করে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দখলকৃত বনভূমির তালিকা কমিটির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম। এর মধ্যে গাজীপুরের যে আটটি মৌজায় শিল্প কারখানা করার অনুমতি নেই, এসব এলাকা দখলের তথ্য আমাদের হাতে এসেছে। এ ছাড়া ব্যক্তিগত জমির পাশাপাশি কারা বন বিভাগের জায়গা দখল করেছে এরও তালিকা আছে।’
হাছান মাহমুদ বলেন, ‘এখানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান এসব জমি বেদখল করে রেখেছে। ৫৯টি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছে মন্ত্রণালয়। যাদের অনেকেই দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান এবং এদের কর্তারা রয়েছেন। আমরা মনে করছি যারা এসব জমি দখল করে রেখেছে তাদের সবার তালিকা এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা সম্ভব হবে।’
এ ছাড়া এসব জমির তথ্য এলে সংসদীয় কমিটি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে বলেও জানান হাছান মাহমুদ।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গাজীপুর ও কক্সবাজারে বন বিভাগের জমি অবৈধ দখল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি গাজীপুরে অবৈধভাবে বন বিভাগের ১২ হাজার ৩২১ একর জমি দখলকারীর নাম ও প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে।
গাজীপুরে বনভূমি বেদখল করা ৫৯টি প্রতিষ্ঠান হলো- প্যানাস অটোক্রিয়েশন লি., ম্যাগডোনাল বাংলাদেশ লি., হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লি., এন এ জেড বাংলাদেশ, ওয়ান্ডার ল্যান্ড টয়েস লি., বিসিডি এস (ব্র্যাক), বেন্টলী সুয়েটার ইন্ডাষ্ট্রিজ লি., পারটেক্স ডেনিম লি., ওয়ান ডেনিম ওয়ান স্পিনিং মিলস লি., এ ডি আই অ্যাকোয়া প্রা. লি., এম আই ইয়ান ডাইং লি., নিটল টাটা গ্রুপের গাড়ি পার্কিং, করীফ বাড়ি খামার ও রেস্ট হাউজ, আমবার কটন মিলস লি., পারটেক্স হোল্ডিং।
ইপিলিয়ন স্ট্যাইল লি., এটলাস ফুড অ্যান্ড বেভারেজ লি., এ বি সিদ্দিক পলিমার ইন্ডাস্ট্রিজ, বেন ফিক্স স্টিল বিল্ডিং ডেভেলপমেন্ট, এস এম নিটিং ইন্ডাস্ট্রি লি., বিজি কালেকশন লি., নূর পোল্ট্রি কমপ্লেক্স, বাংলাদেশ মেইজপ্রোডাক্ট, ইভিল টেক্স লি., তিতাস স্পিনিং লি., বেঙ্গল গার্মেন্টস লি., মালা পোল্ট্রি ফাম, মাসকাত পোল্ট্রি ফাম, টি এস ট্রান্সফরমার লি., ন্যাশানাল ফিড লি., মর্ডান কিড লি., লিলি. গ্রুপ, প্যারাগন পোল্ট্রি লি., স্কিন গ্রাফ, গর্ডন ষ্ট্রীল মিলস, মোশারফ কম্পোজিট লি., প্যাকলাইন লি., নিসর্গ পিকনিক লি., আর্টিসান সিরামিক ইন্ডাষ্ট্রিজ লি., সজনী ফিল্ম সিটি, বিটি লিমিটেড, মিলেনিয়াম ষ্ট্রীল মিলস লি., কুইন্স পোল্ট্রি ফার্ম লি., অমনী এগ্রো কমপ্লেক্স লি., ঢাকা ফিশারীজ লিমিটেড, রেডিয়াম এক্সোসরিজ লি., নির্জনা অ্যাপারেলস লি., গোলাম কিবরিয়া মৎস্য খামার, ইনডেক্স কনস্ট্রাকশন লি., এন এ জেড বাংলাদেশ লি., সাহাবা ইয়ান, এ টি আই সিরামিক লি., গিভেলী ডেনিমস লি., খোরশেদ আলম অ্যাগ্রো কমপ্লেক্স, বেঙ্গল হারিকেল ডাইং প্রিন্টিং লি., নেসলে বাংলাদেশ, গ্রিনটেক রিসোর্টস, আদি অ্যাগ্রো ফার্ম।
বৈঠকে কমিটি বন বিভাগে তিন বছরের অধিক সময় ধরে যেসব কর্মকর্তা বিভিন্ন কর্মস্থানে কর্মরত রয়েছেন তাঁদের দ্রুত কর্মস্থল বদলির সুপারিশ করে। কমিটি বন বিভাগের যে সব রেস্টহাউস ব্যবহার যোগ্য সেগুলোর তালিকা ও ভাড়া নির্ধারণ করে ওয়েবসাইটে প্রকাশ করার সুপারিশ করে।
বৈঠকে কমিটি আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে (কপ২১) এর সভাগুলোতে সংসদীয় কমিটির যে সদস্যরা অংশ নিতে চান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরে মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী আনোয়ার হোসেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

নিজস্ব সংবাদদাতা