বৃদ্ধাকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী ও মৃত হাশেম হাওলাদারের মেয়ে। আটক সুলতান সরদার একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।
জানা যায়, পারিবারিক বিরোধে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সরদারের। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জোবেদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদর সার্কেল) বলনে, ‘জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই সূত্র ধরে ঘুমিয়ে থাকা স্ত্রী জোবেদাকে কুপিয়ে হত্যা করেন সুলতান। খবর পেয়ে কালকিনি থানাধীন খায়েরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহত জোবেদার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এম. আর. মুর্তজা, মাদারীপুর