পূর্বশত্রুতার জেরে যুবদলনেতাকে ছুরিকাঘাতে হত্যা
যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৭) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বাঘারপাড়ার খাজুরা তেলের পাম্প সংলগ্ন ওজন স্কেলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেলের ভাই রাজিব হোসেন জানান, রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের বুক, পিঠ ও মুখে আঘাত করে। বেলা ১১টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিসমত আরা বলেন, আমরা রুবেলকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনসহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

তাওহীদ উসামা, যশোর (অভয়নগর-বাঘারপাড়া)