টিসিবিকে করমুক্ত করার সুপারিশ
ট্রেডিং করপোশন অব বাংলাদেশকে (টিসিবি) করপোরেট কর ও ন্যূনতম কর প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে কমিটি সভাপতি মো. তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মো. ছানোয়ার হোসেন ও লায়লা আরজুমান বানু অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজকের বৈঠকে টিসিবির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় ।
কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে টিসিবির প্রধান কার্যাবলির বিষয়ে আলোচনায় কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আপৎকালীন মজুদ গড়ে তোলা, সরকারের নির্দেশনা অনুযায়ী সংগৃহীত পণ্যের বিক্রয় ও বিতরণের ব্যবস্থা করার ওপর জোর দেওয়া হয়।
কমিটি টিসিবিকে করপোরেট কর এবং ন্যূনতম কর প্রদানের বাধ্যবাধকতা হতে অব্যাহতি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং ভর্তুকির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে টিসিবিকে ২০০ কোটি টাকা সুদমুক্ত চলতি মূলধন প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম পুনরায় গ্রহণ করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
বৈঠকে টিসিবির গুদামজাতকরণ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব জমির ওপর চট্টগ্রাম, রংপুর ও মৌলভীবাজারে ৯০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন আটটি গুদাম ও তিনটি কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য ২৪ দশমিক ৮৫ কোটি টাকার একটি প্রকল্পের ডিপিপি অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, টিসিবির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক