ভুল থেকে শিক্ষা নিয়ে ঘাটতিগুলো দূর করব
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ বছর যেখানে যেখানে সমস্যা হয়েছে সেসব জায়গাগুলোয় যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সেদিক থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভুল ও ঘাটতিগুলো আমরা দূর করব।
আজ রোববার দুপুরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সর্বকালের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা হয়েছে এবার। এখানে যানজটের কোনো চিহ্নই নেই। আজকে তো রাস্তা একেবারে ফাঁকা।’
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘যে কারণেই হোক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে যানজট বা ধীরগতি বা পশুবাহী গাড়ির জন্য যাত্রাটা বিলম্বিত হয়েছে, যে কারণে অনেক গাড়ি টার্মিনালে যথা সময়ে ফেরত না আসায় টার্মিনালে অনেক মানুষ দুর্ভোগের কবলে পড়ে। আর রাস্তায় যেমন যানজট, টার্মিনালেও দুর্ভোগ ছিল বিশেষ করে উত্তরাঞ্চলে যাদের যাত্রা ছিল তাদের জন্য। এ ছাড়া অন্যান্য ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওদিকে গতকাল থেকে স্বাভাবিকযাত্রা অব্যাহত ছিল। কিন্তু সমস্যাটা একটা পয়েন্টে হয়ে গেছে। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। এবার যেখানে যেখানে সমস্যা হয়েছে, সেসব জায়গায় ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে আমরা অতীতের ভুল থেকে ভবিষ্যতে শিক্ষা নিয়ে ইঞ্জিনিয়ারিং, অ্যাওয়ারনেস, এনফোর্সমেন্টের যে সমস্যা হয়েছে এটা সমাধানের জন্য আমাদের ভুল ও ঘাটতিগুলো আমরা দূর করব।’
এ সময় হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা