চাঁপাইনবাবগঞ্জে তিন ভুয়া ডাক্তার গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের স্বরূপনগর এলাকার একটি বাসা থেকে এঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশীদ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের স্বরূপনগর এতিমখানা রোডের তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের অফিসে অভিযান চালায়। এ সময় ভুয়া ডাক্তার সদর উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের ইফসুফ আলী, দিয়াড় ধাইনগর গ্রামের আবুল কাশেম ও দেবীনগরের মিনহাজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই অফিস থেকে কয়েক কার্টুন ওষুধও জব্দ করা হয়।
পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক নির্বাহী হাকিম রামকৃষ্ণ বর্মণ ওষুধ দিয়ে প্রতারণা ও অবৈধ ক্লিনিক পরিচালনার দায়ে ইফসুফ ও কাসেমকে ছয় মাসের এবং মিনহাজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ