খালেদা জিয়ার সংলাপের আহ্বান নাকচ সেতুমন্ত্রীর
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্য ও সংলাপের আহ্বান নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সেই যোগ্যতা তাদের নেই।
আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির লেখক সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন তিনি।
কাদের প্রশ্ন তোলেন, যাদের আন্দোলন করার শক্তি নেই, তারা কীভাবে সরকার পরিবর্তন করতে চায়।
সেতুমন্ত্রী বলেন, দেশে যেমন সাইনবোর্ডসর্বস্ব রাজনীতি আছে, তেমনি এখন কথাসর্বস্ব রাজনীতিও চলছে। লাগাম ছাড়া কথা দেশের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। তাই কথার লাগাম টানার পাশাপাশি আচরণে শুভবোধ ফিরে এলে দেশের সংকটও কেটে যাবে বলে মনে করেন মন্ত্রী।
অনুষ্ঠানে এ বছর প্রকাশিত বইয়ের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২২ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক