নেদারল্যান্ডস সফর প্রসঙ্গ
গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
তিনদিনের নেদারল্যান্ডস সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ১১টার দিকে গণভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর আগে তিনদিনের নেদারল্যান্ডস সফর শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেন প্রধানমন্ত্রী।
গত ৩ নভেম্বর নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। তাঁর এ সফরে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বহু বিষয় আলোচিত হয়েছে। শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের সময় আলোচনায় দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সম্মত হয়েছে। পাশাপাশি জনগণের জন্য ব-দ্বীপ এলাকা নিরাপদ ও উৎপাদনশীল করার লক্ষ্যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়নের জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে একমত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক