সংসদে ‘পেট্রোলিয়াম করপোরেশন বিল’ উত্থাপন
শেয়ার মার্কেটে তালিকাভুক্তির বিধান রেখে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন আইন, ২০১৫ বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার জতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিলটিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তহবিল, সরকারের অনুমোদনক্রমে, শেয়ার সঞ্চয়পত্র বা অন্য কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে। এ ছাড়া করপোরেশন সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে বিভিন্ন কোম্পানিতে থাকা করপোরেশনের শেয়ার বিক্রি বা অন্য কোনোভাবে হস্তান্তর করবে পারবে। করপোরেশনের শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হবে।
বিলের আইনের ৪ ধারায় বলা আছে, করপোরেশনের অনুমোদিত মূলধন হবে পাঁচ কোটি টাকা, যা করপোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার দেবে।
নতুন কোম্পানি গঠন সম্পর্কে বিলে বলা হয়েছে, এ আইনের উদ্দেশ্য পূরণে, করপোরেশন, সরকারের পূর্বানুমতিক্রমে, নতুন কোনো কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করতে পারবে এবং ওই কোম্পানির শেয়ার ধারণ করতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ওই কোম্পানির শেয়ার ধারণের অনুমতি প্রদান করতে পারবে।
বিলে আরো বলা হয়, পেট্রোলিয়াম করপোরেশন আমদানীকৃত অপরিশোধিত তেল, পরিশোধিত পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামজাত পণ্য তেল শোধনাগার ও তেল বিপণন কোম্পানিগুলোতে বিক্রির ওপর অথবা উদ্বৃত্ত পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য রিফাইনারি থেকে কিনে রপ্তানি করে লাভ করতে পারবে।
উল্লেখ্য, ১৯৭৬ সালে জারীকৃত বাংলাদেশে পেট্রোলিয়াম করপোরেশনের অধ্যাদেশটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাতিল ঘোষিত হয়। এর পর রাষ্ট্রপতি ২০১৩ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অধ্যাদেশ জারি করেন। তা সংশোধন করে নতুনভাবে আইন প্রণয়নের জন্য বিলটি সংসদে উত্থাপন করা হয়।

নিজস্ব সংবাদদাতা