লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের এক কর্মচারীকে মারধর করার মামলায় লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর জিয়া উদ্দিন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌরসভার বাঞ্চানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শিপন লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর। তাঁকে বিকেলে আদালতের মাধ্যামে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ১৮ নভেম্বর বিকেলে বাঞ্চানগর এলাকার করালিয়া সড়কের পাশে বিদ্যুৎ লাইনের ওপর পরে থাকা গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কাউন্সিলর শিপনের সঙ্গে পিডিবির লাইনম্যান শামছুল হুদার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিপন দলবল নিয়ে তাঁকে বেদম মারধর করেন। এ ঘটনায় ওই রাতেই লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বাদী হয়ে শিপনকে প্রধান আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরো সাত-আটজনকে আসামি করা হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, বিদ্যুৎ বিভাগের এক কর্মচারী ওপর হামলার ঘটনায় করা মামলায় পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর