ভৈরবে ১০০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, চালক আটক
কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুর এলাকা থেকে আজ সোমবার সকালে ১০০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয় ট্রাকের চালক আবদুল হামিদকে (৪৫)।
আবদুল হামিদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বেতগাড়ি গ্রামে। এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম তালুকদার।
পুলিশ জানায়, আজ সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয়মোড় এলাকায় সন্দেহবশত ট্রাকটিকে গতিরোধের ইঙ্গিত দেয় পুলিশ। কিন্তু ট্রাকটি পুলিশের নির্দেশ অমান্য করে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের টহলদল সেটিকে ধাওয়া করে ভৈরবের শিবপুরের শম্ভুপুর এলাকায় গিয়ে আটক করতে সক্ষম হয়। এ সময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং চালক আবদুল হামিদকে আটক করা হয়।
হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে গাঁজাগুলো ট্রাকে লোড করে টাঙ্গাইলের মধুপুর এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল হামিদ স্বীকার করেন বলে জানায় পুলিশ।

মোস্তাফিজ আমিন, ভৈরব