ভূমিকম্পের ঝুঁকিতে দেশের ৯ শহর
ভূমিকম্প ঝুঁকিতে আছে দেশের নয়টি বড় শহর। আর এসব এলাকায় এই ঝুঁকি নিরুপণ করতে সরকার শহরগুলোর মানচিত্র তৈরি করেছে। আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়িতে সমন্বিত প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) আয়োজিত ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন’ শীর্ষক জাতীয় কর্মশালা ও জ্ঞানমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘সরকার ভূমিকম্প ঝুঁকিতে থাকা নয়টি বড় শহরের ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি মানচিত্র তৈরি করেছে। শহরগুলো হলো ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর। এসব শহরের ভূমিকম্প প্রবণতা, মাটির গুণাগুণ, ভবন করার শর্তাবলী, ক্ষমতা ও উপযোগিতা ইত্যাদি পরীক্ষা করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, ‘নগর ঝুঁকি মোকাবিলায় সরকার দক্ষ জনবল তৈরিতে ৬২ হাজার নগর স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেবে। ইতিমধ্যে ৩০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর দুর্যোগ ঝুঁকি কমাতে সরকার দেশের ৪০টি জেলার ১০৮টি উপজেলার ৩১২টি ইউনিয়নে বিভিন্ন ঝুঁকি হ্রাস স্কিম বাস্তবায়ন করেছে।’
ত্রাণমন্ত্রী আরো বলেন, ‘এসব স্কিমের মধ্যে আছে উপকূলীয় এলাকায় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট ও টিউবওয়েল উচুঁকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাকরণ ইত্যাদি। বড় ধরনের জলোচ্ছ্বাস বা বন্যার কবল থেকে গ্রামীণ জনগোষ্ঠীকে রক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ দুর্যোগ মোকাবিলায় সচেতনতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন উপকরণ, পুস্তক ও গবেষণাপত্র নিয়ে সাজানো জ্ঞানমেলার উদ্বোধন করেন ও স্টলগুলো পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তা, দেশি-বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গবেষকেরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল সভাপতিত্ব করেন। বাংলাদেশে নরওয়ে দূতাবাসের উপপ্রধান হেনরিক উইডথ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক পরিচালক পলিন টেমেসিসি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, সিডিএমপির জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম বক্তব্য দেন।

নিজস্ব সংবাদদাতা