রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়, দুপুর ২টা থেকে রাত ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনটিভি অনলাইন ডেস্ক