ওরা সবাই তামিম ইকবাল হতে চায়
এক ঝাঁক শিশু-কিশোর-তরুণ। সকাল সকাল সবাই দলবেঁধে চলে এসেছে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে। সবার মুখ যেন ঝলমল করছে।
এই ঝলমলে মুখের রহস্যের উত্তর পাওয়া গেল একটু পরই। এলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। আর প্রিয় তারকাকে একটু দেখার জন্য, একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, একটা ছবি তোলার জন্যই তো সবার এত তোড়জোড়।
আজ বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে আসেন তামিম ইকবাল। তিনি ক্রাউন সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর তাই ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জের ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতেই তাঁর এই সফর।
তামিম ইকবালকে এক নজর দেখতে এবং প্রশিক্ষণ নিতে আসা কিশোর-তরুণরা প্রায় সবাই একবাক্যে জানাল, তারা সবাই তামিমের মতো ক্রিকেটার হতে চায়।
তামিম আসবেন সেটা আগে থেকেই শহরের সবাই জেনে গিয়েছিল। তাই সকাল হতেই শহরের বিভিন্ন রাস্তা ও মুন্সীগঞ্জ স্টেডিয়াম ছিল বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের আনাগোনায় মুখর।
সবারই ইচ্ছে তামিম ইকবালকে সামনাসামনি দেখার, ছবি তোলার আর অটোগ্রাফ নেওয়ার।

তাই তামিম মাঠে আসার আগেই স্টেডিয়ামের গ্যালারি উৎসুক দর্শকে কানায় কানায় ভরে যায়। এমনকি তানিম ইকবালকে দেখার জন্য নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠের ভিতর ঢুকে যায় অনেক ভক্ত। জাতীয় দলের এই ক্রিকেটারের নিরাপত্তা দিতে রীতিমতো হিমশিম খেতে হয়ে পুলিশ বাহিনীকে।
মুন্সীগঞ্জের ক্রিকেটারদের মান উন্নয়নেই প্রশিক্ষণ দেওয়ার জন্য তামিম ইকবালকে আনা হয়েছে বলে জানান ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ গ্রুপের পরিচালক মো. আব্দুল আহাদ। ভবিষ্যতে ভালো প্রশিক্ষক এনে দীর্ঘ মেয়াদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ