ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহাসড়কের নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নুরুল হোসেন তার ছেলে শামীমকে নিয়ে মোটরসাইকেলে করে বরইতলী থেকে চিরিংগা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় ছেলে শামীমকে চকরিয়া পৌর শহরের জমজম হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার