নওগাঁয় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত
নওগাঁর আত্রাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৌরব কুমার প্রামানিক (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার মহাদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৌরব নাটোর জেলার সিংড়া উপজেলার দীঘলগ্রামের গৌতম প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরব কুমার প্রামানিক মোটরসাইকেলযোগে বগুড়ার সান্তাহার থেকে আত্রাই সড়ক হয়ে নাটোরে নিজ বাড়ি ফিরছিল। পথিমধ্যে মহাদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক (আত্রাই) থেকে আসা সান্তাহারগামী একটি সিএনজি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গৌরবের মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আত্রাই থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ