রেলে যুক্ত হচ্ছে ২৭০ কোচ
রেলপথে গতি আনতে যোগ করা হচ্ছে আরো ২৭০টি কোচ। পাশাপাশি আরো ১০টি লোকোমোটিভ ট্রেন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সারা দেশে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন আরো উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেলপথ মন্ত্রণালয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর সরকার ২০১১ সালের ৪ ডিসেম্বর পৃথকভাবে রেলপথ মন্ত্রণালয় গঠন করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদের ৫২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে ২০১৬ সালের জানুয়ারিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১০০টি মিটারগেজ (এমজি) ও ৫০টি ব্রডগেজ (বিজি) কোচ আনা হবে। এর পর এপ্রিল মাসে আরো ১০টি দ্রুতগামী ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ যুক্ত করা হবে।
এ ছাড়া ভারতের সঙ্গে ঋণচুক্তির আওতায় জানুয়ারিতে ১২০ বিজি কোচ আসবে। ভারতের সঙ্গে ২০১৫ সালের ২১ জানুয়ারি সরকারের করা চুক্তির আওতায় এ কোচগুলো আসবে।
এ ব্যাপারে রেলপথমন্ত্রী এম মুজিবুল হক বলেন, সরকার রেলওয়ের পুঞ্জীভূত সমস্যা মোকাবিলা করে যুক্তিসংগত ভাড়ায় সাধারণ মানুষকে সেবা দিতে বিভিন্ন প্রকল্প নিয়েছে।
‘ঋণের অর্থায়নে সরবরাহকারীদের কাছ থেকে ২০০টি এমজি কোচ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যাত্রী পরিসেবা দিয়ে রেলওয়ের ইমেজ পুনরুদ্ধার করব,’ যোগ করেন রেলপথমন্ত্রী।
রেলপথমন্ত্রী আরো বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ঋণচুক্তির আওতায় জ্বালানি পরিবহনের জন্য ১৬৫ বিজি, ৮১টি এমজি ট্যাংক ওয়াগন ও ২২০টি ফ্ল্যাট ওয়াগন এনেছি। পুনর্বাসন প্রকল্পের আওতায় সরকারের অর্থায়নে ২০০টি এমজি ও ৬০টি এমজি যাত্রীবাহী বগি রেলওয়ে বহরে যুক্ত করা হয়েছে।
বর্তমান সরকার ৪৫টি ট্রেন সার্ভিস চালু করেছে উল্লেখ করে মন্ত্রী আরো জানান, পাশাপাশি ২০টি রেলওয়ে রুট সম্প্রসারণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক