ভারত যাচ্ছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ও নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আগামী ২৪ জানুয়ারি ভারত সফরে যাচ্ছেন। সিইসির সঙ্গে এই সফরে তাঁর স্ত্রী লাইলা নাসরিন আহমদও যাচ্ছেন।
সিঅ্যান্ডএজি, পিএসসি ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের প্রধান হিসাব রক্ষকের কাছে পাঠানো ইসির সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, ভারত সফরের জন্য সস্ত্রীক সিইসি এবং নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আগামী ২৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করবেন। সফরে সিইসি ও ইসি মো. শাহনেওয়াজ নয়া দিল্লিতে ২৫ ও ২৬ জানুয়ারি ভারতের ষষ্ঠ জাতীয় ভোটার দিবস ও প্রজাতন্ত্র দিবস উপভোগ করবেন। সেখান থেকে ২৭ জানুয়ারি মো. শাহনেওয়াজ ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সেখান থেকে সিইসি ভারতের জয়পুরে ২৭ ও ২৮ জানুয়ারি সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের এক অনানুষ্ঠানিক কর্মশালায় অংশ নেবেন। এসব কার্যক্রম শেষে সস্ত্রীক সিইসির আগামী ২৯ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।
ভারতের নির্বাচন কমিশন সেখানে তাদের তিন রাত থাকা, খাওয়া ও স্থানীয় পরিবহনের খরচ বহন করবে এবং নির্বাচন কমিশন বাংলাদেশ বাকি খরচ বহন করবে। অন্যদিকে এ সফরে সিইসি তাঁর স্ত্রীর খরচ ব্যক্তিগত তহবিল থেকে বহন করবেন।

নিজস্ব সংবাদদাতা