পাবিপ্রবির বাংলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
বাংলা সমিতি আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আল-নকিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, প্রক্টর আওয়াল কবির জয়, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ্।
বাংলা বিভাগের চেয়ারম্যান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আল-নকিব চৌধুরী বলেন, ‘নবীন শিক্ষার্থীরা ইতিবাচক চিন্তা ও কাজের দ্বারা নিজেদের আদর্শ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকরূপে গড়ে তুলবে। সাহিত্য-সংস্কৃতির চর্চা, বিকাশ ও গবেষণায় তাঁরা রাখবে অনন্য অবদান।’
অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদের রজনীগন্ধা ফুলের শুভ্রতায় বরণ করে নেওয়া হয়। পরে বিভাগের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচেগেয়ে নবীনদের বরণ করে নেয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বাংলা সমিতির সম্পাদক প্রথম ব্যাচের ছাত্র সম্পাদক মানিক হোসেন রিপন।
উল্লেখ্য, ২০১১-২০১২ শিক্ষাবর্ষে বাংলা বিভাগ খোলা হয়। এবার বিভাগটি পঞ্চম বর্ষে পদার্পণ করল। বর্তমানে এই বিভাগে ২১০ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক রয়েছেন।


এ বি এম ফজলুর রহমান, পাবনা