আখেরি মোনাজাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। আজ রোববার বেলা ১১টা ৭টা মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে চলে ১১টা ৩২ মিনিট পর্যন্ত।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যরা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
মোনাজাতে, বিশেষ করে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়। ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সা’দ এ মোনাজাত পরিচালনা করেন।
প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেন। অন্য জেলার মুসল্লিরা ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের ইজতেমায় অংশ নেবেন। এ বছর ৩২ জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেন। আগামী বছর বাকি ৩২ জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন।
স্থান সংকুলান ও পরিবহন সমস্যার পরিপ্রেক্ষিতে ২০১১ সাল থেকে দুটি পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, আলজেরিয়া, ওমান, ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, তিউনিসিয়া, বাহরাইন, ফ্রান্স, কুয়েত, সোমালিয়া, কেনিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ইরাক, ইরানসহ ৫০টির বেশি দেশের প্রায় সাত হাজার মুসল্লি এবার ইজতেমায় যোগ দিয়েছেন।
নয়াদিল্লিভিত্তিক তাবলিগ-ই-জামাত ১৯৬৭ সাল থেকে ইজতেমা আয়োজন করে আসছে।
শুক্রবার বাদ ফজর আলেমদের বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় এবং আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়েছে।

অনলাইন ডেস্ক