যারা জামায়াত করে তারা পাকিস্তানি সৈনিক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘যারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত, তারা সবাই পাকিস্তানি সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে। আর তাদের সহযোগী হিসেবে কাজ করছে বিএনপি। তারাও পাকিস্তানি এজেন্ট হিসেবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’
আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বীরাঙ্গনার আত্মকথন’ নামক প্রামাণ্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হানিফ।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু কেন নিয়েছেন তা জাতির কাছে অজানা ছিল। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর জাতির কাছে তার সেই চেহারা উন্মোচিত হয়। তিনি একাত্তরের ঘাতকদের পুনর্বাসন করে মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না।’
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, ‘খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার কথা বলেছিলেন। এখন বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। কিন্তু কেন বললেন? হঠাৎ মুখ ফুসকে বের হয়ে আসছিল এমনটা নয়। এটা তার দীর্ঘদিনের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। এখনো নাই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। গ্রন্থটি নিয়ে আলোচনা করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
গ্রন্থটির লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম ও শিল্পী বেগম। প্রকাশ করেছে একাত্তর প্রকাশনী।
গ্রন্থটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সম্ভ্রমসহ সবকিছু হারানো ২০ জন নারী মুক্তিযোদ্ধার নিজ বয়ানে তাঁদের ওপর অত্যাচার-নির্যাতনের কাহিনী, আর যুদ্ধ-পরবর্তী সময়ে তাঁদের জীবনযুদ্ধে টিকে থাকার বিষয় নিয়ে লেখা।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা