কুড়িগ্রামে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা বাজার এলাকায় ডাকাতির ঘটনায় চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে রংপুর ও একজনকে চিলমারী থেকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুর জেলার সদর উপজেলার মেপুরা মধ্যপাড়ার সুজন মিয়া (২০), একই এলাকার রবিউল ইসলাম (২১) ও নূর আলম (২২) এবং চিলমারী উপজেলার আকন্দপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৫৮)। তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল সারারাত অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়।
এএসপি মনিরুজ্জামান বলেন, ‘রংপুর থেকে সুজন, রবিউল ও নূর আলমকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যানুয়ায়ী ডাকাতির সরঞ্জাম ও ডাকাতি করে নিয়ে যাওয়া কিছু মালপত্রসহ ডাকাত সর্দার আমিনুল ইসলামকে চিলমারী থেকে আটক করা হয়।’
গত ১২ ফেব্রুয়ারি রাতে চিলমারী উপজেলার রমনা বাজার এলাকায় বিকাশ এজেন্ট হায়দার আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে ডাকাতরা বাড়ির মালিককে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোনসেট ও একটি বাইসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় চিলমারী মডেল থানায় একটি ডাকাতির মামলা হয়।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম