মানিকগঞ্জে ঝড়-শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি
বৈশাখ মাস না আসতে এই ফাল্গুনে আকস্মিক ঝড় বয়ে গেল মানিকগঞ্জ জেলায়। আজ রোববার বিকেলে ঝড় ও শিলাবৃষ্টিতে বিশেষ করে গ্রামাঞ্চলের বহু আধাপাকা ও কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি ও অনেক ফলদসহ গাছপালা উপড়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে ও খুটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকে। তবে, তাৎক্ষণিকভাবে এই ঝড়ে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। এতে বিভিন্ন এলাকার বহু বাড়ির আধাপাকা ও কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। জেলার কোথাও কোথাও ঝড়ের মধ্যেই হয় শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে ধান, ভুট্টাসহ নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আঞ্চলিক সড়কসহ অনেক বসতবাড়ি ও ভিটার বিভিন্ন প্রজাতির গাছপালা উপড়ে গেছে।
এদিকে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসিম মাহমুদ চৌধুরী জানান, ঝড়ের কারণে বিকেল সাড়ে ৫টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টা পর ঝড় থেমে গেলে আবার ফেরি চালু করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ