সাংবাদিকের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় করা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. পারভেজকে (৫২) আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।
গ্রেপ্তার পারভেজ শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
লৌহজং সার্কেলের সহকারী পুলিশ সুপার সামছুজ্জামান বাবু জানান, আজ দুপুর পৌনে ২টার দিকে শ্রীনগর সদরের দেউলভোগ এলাকার টেক্কা মার্কেট থেকে মামলার এজাহারের ৪ নম্বর আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় আজ দুপুরে দেউলভোগ থেকে মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে বেধড়ক পেটানো হয়। তাঁদের মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করা হয়।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক ভোরের কাগজের শ্রীনগর প্রতিনিধি অধীর রাজবংশী ও দৈনিক রূপবাণীর শ্রীনগর প্রতিনিধি মীর রাতুল। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য মীর রাতুল ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ