ধানের শীষে ভোট করতে পারবেন মোবাশ্বের আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
ঋণ খেলাপির অভিযোগ থাকা কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানি নিয়ে ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন।
একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। তিনি ইতোমধ্যে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

নিজস্ব প্রতিবেদক