শাহজালাল বিমানবন্দরের ওয়াশরুমের কমোড থেকে সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াশরুমের কমোডের ট্যাংকের ভেতর থেকে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এ-শিফটের কাস্টমস গোয়েন্দা দল এই অভিযান পরিচালনা করে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এয়ারপোর্ট (এ-শিফট) এর অভিযানে কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট উদ্ধার করা হয়।
এতে আরও বলা হয়, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করা হয়। এরপর সেগুলো কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে খোলা হলে প্রাথমিকভাবে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। বর্তমানে রেজিস্ট্রার্ড স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণসহ প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক হিসাবে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। পরীক্ষণ সম্পন্ন হলে স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক