পায়ুপথে লুকিয়ে ১৪ লাখ টাকার স্বর্ণ পাচারের চেষ্টা, আটক ১
অভিনব কৌশলে শরীরের অভ্যন্তরে পায়ুপথে ৮২ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণ লুকিয়ে ভারতে পাচারের সময় আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যশোরের বেনাপোল ইমিগ্রেশন এলাকার জিরো পয়েন্ট সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার একটি দল বেনাপোল ইমিগ্রেশনের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন যাত্রী আল মামুনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও সাধারণ তল্লাশি চালানো হয়। তবে তিনি স্বর্ণ চোরাচালানের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। পরে সন্দেহ দূর করতে তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। এ সময় তার কাছ থেকে ৮২ গ্রাম ওজনের ২৪ ক্যারেট স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, শরীরের অভ্যন্তরে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

নিজস্ব প্রতিবেদক