ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!
নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১২ বিঘা জমির পটলগাছ কেটে ফেলেছে। মাসের পর মাস পরিশ্রম ও ঋণ-ধার করে গড়ে তোলা ফসল এক রাতেই হারিয়ে নিঃস্ব হওয়ার পথে প্রায় ১০-১২টি কৃষক পরিবার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী কৃষকদের আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, গাছগুলোতে সবেমাত্র ফলন আসতে শুরু করেছিল। প্রতি সপ্তাহে প্রায় ৪০ থেকে ৫০ মণ পটল তুলে বাজারে বিক্রি করা হচ্ছিল। সেই আয় দিয়ে সংসারের খরচ চালানো, সন্তানের পড়াশোনা ও দেনা পরিশোধের আশা করেছিলেন তারা। কিন্তু সকালে ক্ষেতে গিয়ে সব গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে দিশেহারা হয়ে পড়েন তারা। সরেজমিনে বিস্তীর্ণ জমিজুড়ে কাটা পটলগাছ লুটিয়ে থাকতে দেখা গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম আক্ষেপ করে বলেন, সার, ওষুধ ও শ্রমিক দিয়ে অনেক টাকা খরচে পটল চাষ করেছিলাম। ফসল বিক্রি করে সংসার চালানোর আশা ছিল, কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।
আরেক কৃষক ইসরাফিল বলেন, এই ফসলই ছিল তাদের শেষ সম্বল।
স্থানীয়দের মতে, পূর্বপরিকল্পিতভাবেই রাতের আঁধারে এই ক্ষতি করা হয়েছে। কৃষকের এই চরম ক্ষতির পেছনে থাকা জড়িতদের কঠোর শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)