বিএনপির কাছে আওয়ামী লীগের ভদ্রতা শিখতে হবে না : নাসিম
সচিবালয়ে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি
বিএনপির নেতাদের কাছ থেকে আওয়ামী লীগের নেতাদের ভদ্রতা শিখতে হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের বিএনপির কাছে ভদ্রতা শিখতে হবে না, ভদ্র আচরণও শিখতে হবে না। আমরা যখন কথা বলি তখন চিন্তা-ভাবনা করেই কথা বলি। বিএনপির নেতাদের ও বিএনপির নেত্রীকে নিজের চেহারা আয়নায় দেখতে হবে আগে।’
এ সময় গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যথাযথভাবে সম্বোধন করা হয়নি বলেও অভিযোগ করেন নাসিম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সম্পর্কে যখন কথা বলবেন তখন ভদ্রতার সঙ্গে কথা বলা উচিত। ভদ্রতার সঙ্গে সম্বোধন করা উচিত।’

নিজস্ব প্রতিবেদক