ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বাড়ি ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় আট-দশটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আজ বুধবার সকালে জেলার সদর উপজেলার রাজঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে রাজঘরের জহিরুল হক মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আজ বুধবার সকালে মীমাংসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় একটি বাড়ির বনের কুঞ্জে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া