৭ লাখ টাকাসহ জামায়াতনেতা আটক
শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ব্যাগভর্তি নগদ সাত লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের এক জামায়াতনেতাকে আটক করা হয়েছে। এ সময় একটি ল্যাপটপ এবং টাকা বিতরণ সম্পর্কিত কাগজপত্রও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে কয়েকজন ব্যক্তি টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন, এমন খবরের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
এ অভিযানকালে ঐ বাড়ি থেকে সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণ সম্পর্কিত কাগজপত্র জব্দ করা হয়। এ সময় গোলাম মোস্তফাকে আটক করা হয়। তিনি জপসা ইউনিয়নের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রাজনগর এলাকার বাসিন্দা।
নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর