নবনির্বাচিত গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির পরিচিতি সভা
গোপালগঞ্জে বিএনপিপন্থী নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকসহ জেলা আদালতের সব স্তরের বিচারক এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বিচারকদের মধ্য থেকে বক্তব্য দেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম।
বক্তব্যে বিচারকরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচারপ্রার্থী মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
আইনজীবী সমিতির নির্বাচিত নেতাদের মধ্য থেকে বক্তব্য দেন সভাপতি কাজী আবুল খায়ের, সহসভাপতি মো. ফরহাদ মোল্লা, সহসভাপতি মো. মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।
নির্বাচিত নেতারা তাদের বক্তব্যে আদালতের মর্যাদা রক্ষা এবং বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিচারকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বারের সব আইনজীবীর পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গত ২৩ মে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৬টি পদেই বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হন।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ