মিয়ানমারের মংডুতে বিস্ফোরণ, সীমান্তে সতর্ক বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাংসহ বেশ কয়েকটি এলাকায়। বিস্ফোরণের বিকট শব্দে সীমান্তের এপারের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিট থেকে একাধিক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছে।
টেকনাফের বাসিন্দা মুরশেদ আলম বলেন, মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের শব্দে টেকনাফ সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। এত ভয়ঙ্কর শব্দ আগে কখনো এ এলাকার মানুষ শোনেনি। বিস্ফোরণের তীব্রতায় কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যেন বাড়িঘরের জানালার সব কাচ ভেঙে পড়বে।
সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, সীমান্তের ওপারে বিমান হামলা নাকি মর্টারশেল বিস্ফোরণের শব্দ, তা নিশ্চিত না। তবে শব্দের তীব্রতা ছিল ভয়াবহ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, আমরা ওপার থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। ওপারে মিয়ানমারের মংডু ও বুচিডং এলাকায় হামলা চলছে বলে জানা গেছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, ভয়ের কোনো কারণ নেই।
বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি আমাদের সদস্যরা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।

নোমান অরুপ, কক্সবাজার (টেকনাফ)