সীমান্তে প্রায় ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিপুল অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আজ শুক্রবার (১৭ জুলাই) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ১০ বিজিবি নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপি-এর একটি দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত রেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার ও জব্দ করা হয়। শাড়িগুলো সেখানে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশে রাখা হয়েছিল বলে জানা গেছে।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৯০ হাজার টাকা। প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পাদন শেষে জব্দকৃত এই মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম)