৬০ বছর খতিবের দায়িত্ব পালন শেষে পেলেন সম্মাননা
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর সিএন্ডবি বাজার বাইতুল সালাত জামে মসজিদের দীর্ঘ ৬০ বছরের খতিব মাওলানা মো. শামসুল হককে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার ছয় দশকের দীর্ঘ দ্বীনি খেদমতের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে ৩ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হানিফ ভূঁইয়া, কামাল ব্রিকসের স্বত্বাধিকারী হাজী কামাল উদ্দিন, বায়তুল্লাহ ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী এম. এ. ইউনুস মিয়া বাবুল, রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী হাসান আহমাদ, স্থানীয় ইউপি সদস্য মো. বদিউল আলম বাদল, মসজিদ কমিটির সেক্রেটারি আবুল বাশারসহ স্থানীয় ব্যবসায়ী, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায়ী আবেগঘন বক্তব্যে মাওলানা মো. শামসুল হক বলেন, মহান আল্লাহর অশেষ কৃপায় টানা ৬০ বছর এই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার মানুষ ও মুসল্লিদের কল্যাণে দোয়া করে যাব। এমন আন্তরিক আয়োজনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মসজিদ কমিটির সেক্রেটারি আবুল বাশার বলেন, মাওলানা শামসুল হকের এই দীর্ঘ দ্বীনি সেবা আমাদের পুরো এলাকার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু একজন খতিবই ছিলেন না, বরং এলাকার সামাজিক ও নৈতিক পথপ্রদর্শক হিসেবে অনন্য ভূমিকা রেখেছেন। তার অবদান এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিদায়ী খতিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হোসাইন আহমাদ।

ইসহাক হাসান, কুমিল্লা (মুরাদনগর-দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া)