সাতক্ষীরার পুলিশ সুপারকে তলব করছে ইসি
সাতক্ষীরা জেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১৪টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বন্ধের কারণ দর্শাতে জেলার পুলিশ সুপারকে (এসপি) নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হচ্ছে।
আজ বুধবার এ-সংক্রান্ত একটি চিঠি এসপি বরাবর পাঠানো হবে বলে জানিয়েছেন ইসির উপসচিব মো. সামসুল আলম। তবে কবে এসপিকে আসতে বলা হবে, সেই তারিখ এখনো ঠিক হয়নি বলে জানান তিনি।
ভোটের আগের রাতে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে গতকাল মঙ্গলবার সাতক্ষীরার ১৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
ইসির চিঠিতে এই ১৪টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৭০ ও ৭৭ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব মামলা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসব ভোটকেন্দ্রের ব্যালট পেপার যাচাই করে যে প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছে, সেই প্রার্থীকে মামলার প্রধান আসামি করে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। আজকের মধ্যেই মামলার সব আলামত সংগ্রহ করে সংরক্ষণ করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) ১৯৯১-এর ৫ ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া কী ব্যবস্থা নেওয়া হলো, তা-ও জানানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে ইসি।
গতকাল মঙ্গলবার সেসব ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে এগুলোর মধ্যে রয়েছে—সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুমিরা ইউপির অভয়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাদপুর সরকারি বিদ্যালয়, সদর উপজেলার আলিপুর ইউপির আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (আলিপুর পূর্ব), মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (মাহমুদপুর পূর্ব), ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মাহমুদপুর উত্তর), গাংনিয়া সিনিয়র মাদ্রাসা, শ্যামনগর উপজেলার কৈখালী ইউপির পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী এমইউ দাখিল মাদ্রাসা শৈলখালী, কলারোয়া উপজেলার কুশডাঙ্গা ইউপির কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকদহ দাখিল মাদ্রাসা, কেরালকাতা ইউপির বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপির খেঁজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


নিজস্ব সংবাদদাতা