কাহারোলে নির্বাচনী সংঘর্ষে আহত ১০
দিনাজপুরের কাহারোলের ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মুনিরাম রায়ের সমর্থকদের মধ্যে এই তিনটি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় কাহারোল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল রাতে প্রচারণা চালানোর সময় পোস্টার লাগানো ও পোস্টার ছেঁড়া নিয়ে এই প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সংঘর্ষের জন্য নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুনিরাম রায় একে অপরের ওপর দোষ চাপিয়েছেন। এ ঘটনায় ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনসুর আলী জানান, ‘সংঘর্ষের ঘটনাটি আমি জেনেছি, তবে কেউ অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নিতে পারছি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

ফারুক হোসেন, দিনাজপুর