ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে একটি বাস, তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও আটটি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে চারটি ট্রাক, তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা, ট্রাফিক-মতিঝিল বিভাগে তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা, ট্রাফিক-ওয়ারী বিভাগে তিনটি বাস, পাঁচটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ও ছয়টি মোটরসাইকেলসহ মোট ২৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে একটি বাস, একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, আটটি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা, ট্রাফিক-উত্তরা বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, দুইটি সিএনজিচালিত অটোরিকশা ও আটটি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা, ট্রাফিক-গুলশান বিভাগে একটি বাস, একটি কাভার্ডভ্যান ও ২১টি মোটরসাইকেলসহ মোট ৭৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৯৪টি গাড়ি ডাম্পিং ও ৫৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)