আজ থেকে ৪৭ জেলায় মোটরসাইকেল চলবে না
দ্বিতীয় ধাপে দেশের ৪৭ জেলার ৬৪৩ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ বৃহস্পতিবার। এ কারণে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আজ সোমবার থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘অতীতে নির্বাচন উপলক্ষে কিছু যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারও তা-ই করা হয়েছে। এ ক্ষেত্রে ভোট গ্রহণের তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
ইসির উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনা থেকে জানা যায়, ভোটের আগের দিন, অর্থাৎ বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বেবিট্যাক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া তিন দিন আগে থেকে ভোট গ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় মহাসড়ক (হাইওয়ে), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলতা থাকবে। তা ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে।
ভোটের দিনের পূর্ববর্তী রাত, অর্থাৎ বুধবার মধ্যরাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিটবোটও চলাচল করতে পারবে না। তবে জনগণ বা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা