দ্বিতীয় ধাপে যে ৪১ ইউপিতে ভোট হচ্ছে না
সীমানা সংক্রান্ত জটিলতা, হাইকোর্টের মামলা চলমানসহ নানা সমস্যার কারণে দ্বিতীয় ধাপে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত ৬৮৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্য থেকে ৪১টিতে ভোট হচ্ছে না।
এ বিষয়ে ইসির সহকারী সচিব মো. আশফাকুর রহমান বলেন, বিভিন্ন জটিলতার কারণে দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা করার পরও ৪১টি ইউপিতে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ ইউপিগুলোর কিছু কিছু সীমানা সংক্রান্ত জটিলতা, হাইকোর্টে মামলা চলমান, মেয়াদপূর্ণ না হওয়া, ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়ার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এর মধ্যে ছিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় ভোটার তালিকা পুনর্বিন্যাস সম্পন্ন না হওয়ার কারণে পঞ্চগড়ের বোদার ময়দানদীঘি, কাজলদীঘি, কালিয়াগঞ্জ, মারেয়া বামনহাট ও বড়শশী, কুড়িগ্রামের ভুরুঙ্গমারীর ভুরুঙ্গমারী, পাথরডুবি ও শিলখুড়ি, লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর, উড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ী, জগতবেড়, জোংড়া ও বাউরা, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের জেলার কোটালীপাড়া উপজেলার ঘাঘর, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর, হোসেনগাঁও ও নন্দুয়ার, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, শংকরচন্দ্র ও তিতুদহ, নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ও টুপামারী, ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ও নূরাবাদে ভোট বন্ধ করা হয়েছে।
নির্বাচন স্থগিত করা হয়েছে মাগুরার সদর উপজেলার কুচিয়ামোড়া, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী, কাজলদিঘী, কালিয়াগঞ্জ, মারেয়া বামনহাট ও বড়শশী, কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার ভুরুঙ্গমারী, পাথরডুবি ও শিলখুড়ি, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর, উড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ী, জগতবেড়, জোংড়া ও বাউরা, হাতীবান্ধা উপজেলার গোতামারী, চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউপিতে।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর, বুড়াইচ ও গোপালপুর, ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট ও আনন্দপুর, পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলীয় ও বক্সমাহমুদ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নেও ভোট স্থগিত রয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপির তফসিল ঘোষণা করে ইসি। এসব ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২ মার্চ, যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ
এবং ভোট ৩১ মার্চ।
ইসির ঘোষণা অনুযায়ী, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক