যশোরে ইউপি নির্বাচনের ফল প্রত্যাখ্যান বিএনপির
যশোর সদর উপজেলার দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। আজ শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রত্যাখ্যান করে তারা।
urgentPhoto
গতকাল বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৩টি ইউনিয়নে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। যেখানে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ১২ ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী মনোনীত প্রার্থী। মাত্র একটি ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন।
আজ দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা বলেন, নজিরবিহীন সহিংসতা আর জাল ভোটের মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন নজিরবিহীন। ভোটাররা ভয়ে বাড়ি থেকে বের হননি। অথচ ভোট প্রদানের সংখ্যা ব্যাপক দেখানো হচ্ছে।
বিএনপির নেতারা অভিযোগ করেন, সরকারি দলের সন্ত্রাসীদের বোমাবাজিতে নিরীহ এক ফেরিওয়ালা নৃশংসভাবে খুন হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। এসব হত্যাকাণ্ড আর বোমাবাজির বিচার দাবি করে বিএনপির নেতারা যশোর সদর উপজেলার সব ইউনিয়নে পুনরায় নির্বাচন দাবি করেন।
সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম সজল, যশোর