গুলিতে ছাত্র নিহতের ঘটনায় উত্তাল ঢাবি ক্যাম্পাস
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ক্যাম্পাস।
আজ রোববার ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ আন্দোলন করে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
একই দাবিতে আজ বিকেলে শাহবাগে বিক্ষোভ মিছিল করেন নিহত সুজন মৃধার সহপাঠী এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। এ সময় সুজনের মৃত্যু নিয়ে পুলিশের মনগড়া বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সুজন মৃধা। তাঁর নিহত হওয়ার ঘটনায় সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। সেখানে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে ফের মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। তাঁরা প্রক্টরের সঙ্গে দেখা করে ঘটনাটি জানানোর চেষ্টা করেন। কিন্তু প্রক্টর অফিসে না থাকায় তাঁরা নতুন কর্মসূচি ঘোষণা করেন।
সুজন মৃধার সহপাঠী রমিজ আহমেদ বলেন, সুজনের বিষয়ে পুলিশ যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। সে সেখানে ভোট দেখতে গিয়েছিল ব্যালট ছিনতাই করতে নয়।
নতুন কর্মসূচির বিষয়ে রমিজ বলেন, সুজনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর অংশ হিসেবে তাঁরা আজ বিকেল ৪টায় শাহবাগে মোমবাতি প্রজ্বালন এবং মশাল মিছিল করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও লিখিতভাবে বিষয়টি অবহিত করার বিষয়ে চিন্তাভাবনা করছেন বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা বলছে এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালিয়েছে বলে জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে ভালোভাবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
গত ৩১ মার্চ দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে ভোট গ্রহণকালে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নে পুলিশের গুলিতে নিহত হন সুজন মৃধা। তিনি ধুরাইলের দক্ষিণ বিরঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা