খাদ্য ভেজালকারীদের রেহাই নেই : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খাদ্য ভেজালকারীরা কোনো অবস্থায় রেহাই পাবে না। খাদ্য নিরাপত্তা জনগণের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার জনগণের এ অধিকারের নিশ্চয়তা দিতে চায়। খাদ্য ভেজালকারীদের ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী গতকাল রোববার রাজধানীর একটি মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য পরিদর্শকের কার্যক্রম’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, এতদিন পর্যন্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান কার্যক্রম ছিল না। বর্তমানে ২০১ জন খাদ্য পরিদর্শককে প্রথম পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁরা কাজ করবেন। মেট্রোপলিটন শহরসহ ৬৪ জেলায় নিরাপদ খাদ্য আদালত গঠন করা হয়েছে। সরকার ১০টি ল্যাবরেটরিকে স্বীকৃতি দিয়েছে, যেখান থেকে খাদ্যদ্রব্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে। খুব শিগগির নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে।
কামরুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনগণের সেবা প্রদান করার একটি কার্যকরী সংগঠন হিসেবে গড়ে উঠবে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুশতাক হাসান মুহাম্মদ ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেখ ফজলে নূর তাপস এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এ এম বদরুদ্দোজা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমদ প্রমুখ।

এম এ নোমান