মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু
মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ নয় ট্রাকশ্রমিকের মধ্যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইয়াদুল মোল্লা (২৩) নামের আরেকজন মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে চারজনের মৃত্যু হলো।
নিহত ইয়াদুল মাগুরা সদরের মালিকগ্রাম পূর্বপাড়ার জহুর মোল্লার ছেলে। তাঁর মৃত্যুর খবর স্থানীয় চাউলিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল মাস্টার নিশ্চিত করেছেন।
এর আগে নিহত হন একই গ্রামের রওশন আলী (৪২), শাকিল হোসেন মোল্লা (২৫) ও আবদুল মতিন (২২) নামের তিন ট্রাকশ্রমিক।
এদিকে, পেট্রলবোমা হামলায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে গণমিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
উল্লেখ্য, ২১ মার্চ রাত ৮টার দিকে মাগুরার মঘীরঢাল এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে গুরুতর দগ্ধ হন নয় শ্রমিক।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা