ঝিনাইদহের সুরাট ইউনিয়নে নির্বাচন স্থগিত
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে আদেশ জারি করেছেন নির্বাচন কমিশন সচিবালয়।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তা জানান, ঝিনাইদহ সদর পৌরসভার সঙ্গে সীমানা নিয়ে আগে থেকেই জটিলতা ছিল। বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কে লিখিতভাবে অবহিত করা হয়। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন স্থগিত করার এ আদেশ জানানো হয়েছে। আগামী ৭ মে এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এরই মধ্যে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন মাত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন, ঝিনাইদহ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
সূত্রটি আরো জানায়, পরবর্তী সময়ে নতুন করে সীমানা গেজেটভুক্ত করে পুনঃতফশীল ঘোষণা করা হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও তাঁর পরিষদ দায়িত্ব পালন করবেন।

মিজানুর রহমান, ঝিনাইদহ